শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ “ট্যাক্স কমানো বাজেটও বিরোধী দলের পছন্দ নয়, তারা অস্থিতিশীলতা চায়: প্রধানমন্ত্রী”

“ট্যাক্স কমানো বাজেটও বিরোধী দলের পছন্দ নয়, তারা অস্থিতিশীলতা চায়: প্রধানমন্ত্রী”

রিয়াজ উদ্দিন, কক্সবাজার থেকে : বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে তাদের কড়া জবাব  দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের কল্যাণে প্রণীত বাজেটেরও বিরোধিতা করছে বিরোধী দল। তাদের মূল লক্ষ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, বরং অস্থিতিশীলতা সৃষ্টি এবং জনগণকে বিভ্রান্ত করা।

শনিবার (১৩ জুন) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলি খালের পুনঃখনন প্রকল্প উদ্বোধন শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “যে বাজেটে জনগণের ওপর করের চাপ কমানো হয়েছে, সেই বাজেটও বিরোধী দল মানতে চায় না। মদ ও সিগারেটের দাম বৃদ্ধি করা হয়েছে, সেটিও তাদের পছন্দ নয়। তারা আসলে কী চায়, তা দেশের মানুষ ভালোভাবেই বুঝতে পারছে।”
তিনি আরও বলেন, “দেশের মানুষের জীবনমান উন্নয়ন, কৃষি ও উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। কিন্তু বিরোধী দল এসব ইতিবাচক উদ্যোগের বিরোধিতা করে দেশে অশান্তি ও বিভ্রান্তি সৃষ্টি করতে চায়।”
পথসভায় প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি জানান, বিএনপি সরকারের পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার খাল খনন ও পুনঃখনন করা হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, “পাতলি খাল প্রায় ৫০ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন। আজ এর পুনঃখননের মাধ্যমে এ অঞ্চলের প্রায় ৪০ হাজার মানুষ উপকৃত হবে। প্রায় ১২ হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে এবং অতিরিক্ত প্রায় ১ হাজার ২০০ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন সম্ভব হবে।”
বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, কৃষকদের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। আগামী জুলাই মাস থেকে পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় ৮ থেকে ১০ হাজার কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে।
এর আগে শনিবার সকাল ৯টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে বহনকারী বিমান কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বৈরী আবহাওয়া ও ঝুম বৃষ্টি উপেক্ষা করে বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিমানবন্দর থেকে তিনি সরাসরি পিএমখালীর পাতলি খালের মোহনায় যান এবং পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন। পরে একটি গাছের চারা রোপণ করেন এবং পথসভায় অংশ নেন।
এদিকে, বৃষ্টি শেষে আবহাওয়া স্বাভাবিক হয়ে গরম বৃদ্ধি পেলে সভাস্থলে আগত সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল-এর নির্দেশনায় পিএমখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সোহাগের নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হয়।
পথসভায় আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানি সম্পদমন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কক্সবাজার শহর ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন এবং চেকপোস্ট স্থাপন করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা