শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ আধুনিকতার আলোয় সাহিত্যচর্চার আহ্বান,কক্সবাজার সাহিত্য একাডেমির রজতজয়ন্তীতে আব্দুল হাই সিকদার

আধুনিকতার আলোয় সাহিত্যচর্চার আহ্বান,কক্সবাজার সাহিত্য একাডেমির রজতজয়ন্তীতে আব্দুল হাই সিকদার

রিয়াজ উদ্দিন, কক্সবাজার: সাহিত্য কেবল শব্দের কারুকাজ নয়, সময় ও সমাজকে বুঝে এগিয়ে যাওয়ার এক সৃজনশীল যাত্রা। আর সেই যাত্রায় আধুনিকতার সঠিক ধারণা না থাকলে সাহিত্য তার গন্তব্য হারাতে পারে বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট কবি, কথাশিল্পী ও দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই সিকদার।

শুক্রবার (১৯ জুন) বিকেলে কক্সবাজার জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত কক্সবাজার সাহিত্য একাডেমির রজতজয়ন্তী উৎসব ও সাহিত্য পুরস্কারপ্রাপ্তদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আব্দুল হাই সিকদার বলেন, বাংলা সাহিত্যে আধুনিকতার সূচনা হয়েছিল ঔপনিবেশিক আমলে। পাশ্চাত্য শিক্ষা, নতুন চিন্তাধারা এবং বাঙালির নিজস্ব জীবনবোধের মেলবন্ধন থেকেই আধুনিক সাহিত্যচর্চার ভিত্তি গড়ে ওঠে। অতীতের অভিজ্ঞতাকে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির আলোকে মূল্যায়ন করে মানবকল্যাণের পথে এগিয়ে যাওয়ার মধ্যেই প্রকৃত আধুনিকতা নিহিত।
তিনি বলেন, “কবি ও সাহিত্যিকদের দায়িত্ব শুধু লেখা নয়, সময়কে বুঝে সমাজকে আলোকিত করা। এজন্য আধুনিকতা সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে কক্সবাজার সাহিত্য একাডেমি জেলার সাহিত্য-সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। স্থানীয় লেখক, কবি ও গবেষকদের জন্য একটি সৃজনশীল প্ল্যাটফর্ম তৈরি করে সংগঠনটি সাহিত্যচর্চার নতুন দিগন্ত উন্মোচন করেছে।
একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ও লোকগবেষক সাংবাদিক মুহম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম এবং লেখক-কলামিস্ট অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমির প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাদ মনসুর।
অনুষ্ঠানের শুরুতে একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীসহ একাডেমির প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়। পরে সাহিত্য, গবেষণা, সংগঠন ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার আটজন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননা পাওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন প্রয়াত সাহিত্য সংগঠক অ্যাডভোকেট সুলতান আহমদ, সাহিত্যিক ড. শাহেদ ইকবাল, কবি ও সাংবাদিক রুহুল কাদের বাবুল, গীতিকার ড. আবদুল্লাহ আল মামুন, প্রয়াত প্রচ্ছদশিল্পী খালিদ আহসান, কবি হাসিনা চৌধুরী লিলি, শিক্ষাবিদ ঝিনুক জোবাইদা এবং গবেষক-শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলম চৌধুরী।
অনুষ্ঠানের শেষ পর্বে কক্সবাজার সাহিত্য একাডেমির ২৫ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয় এবং রজতজয়ন্তী স্মারক প্রকাশনা ‘সমুদ্র সংলাপ’-এর মোড়ক উন্মোচন করা হয়।
জেলার কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ, সংস্কৃতিকর্মী ও সাহিত্যপ্রেমীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়, যেখানে অতীতের অর্জন, বর্তমানের চর্চা এবং ভবিষ্যতের সাহিত্য ভাবনা এক সুতোয় গাঁথা হয়ে ওঠে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা