রিয়াজ উদ্দিন, কক্সবাজার: কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক শীর্ষ মাদক কারবারি সোনা মিয়া (৪৫)কে গ্রেফতার করেছে র্যাব-১৫। র্যাব-১৫ কক্সবাজারের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ জুন রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার রাবার বাগান সংলগ্ন রাজ মহল হোটেলের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামি সোনা মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সোনা মিয়া কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কুতুবদিয়া পাড়ার মৃত নজির আহমদের ছেলে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, তিনি একজন পেশাদার মাদক কারবারি এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
র্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান সফলভাবে পরিচালিত হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
৪৬
