সুকুমার সরকার: আগামী রবিবার (২৮ জুন) বাংলাদেশি নাগরিকরা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
আজ বৃহস্পতিবার বিকালে ঢাকায় যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শন শেষে এ তথ্য জানান তিনি।
ভারতীয় হাইকমিশনার বলেন, ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে।প্রাথমিকভাবে ঢাকা, সিলেট, রাজশাহী, খুলনা ও সিলেট থেকে আবেদন করা যাবে। এ সময় মেডিক্যাল ভিসার প্রক্রিয়া চলমান রয়েছে উল্লেখ করে এর পরিধি আরও বাড়ানো হবে বলেও জানান দীনেশ ত্রিবেদী।
এর আজ সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিজের পরিচয়পত্র পেশ করেন দীনেশ ত্রিবেদী। ১২ জুন তিনি পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল পৌঁছালে শূন্যরেখায় তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক, ভারতীয় দূতাবাস ও বেনাপোল স্থলবন্দরের প্রতিনিধিরা। গত ৫ জুন দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে ক্রেডেনসিয়াল গ্রহণ করেন তিনি।
ভারতের জাতীয় রাজনীতির পরিচিত মুখ দীনেশ ত্রিবেদীর জন্ম ১৯৫০ সালে নয়াদিল্লিতে। গুজরাটি বংশোদ্ভূত হলেও তার বেড়ে ওঠা কলকাতায়। বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে রয়েছে তার দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বাণিজ্যে স্নাতক এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি।
দীর্ঘ রাজনৈতিক জীবনে কংগ্রেস, জনতা দল ও তৃণমূল কংগ্রেসে সক্রিয় থাকার পর ২০২১ সালে বিজেপিতে যোগ দেন দীনেশ ত্রিবেদী। পশ্চিমবঙ্গ থেকে একাধিকবার রাজ্যসভা ও লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
এদিকে ভারত সরকার বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার দিনেশ ত্রিবেদীকে আনুষ্ঠানিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানের ক্ষেত্রে মন্ত্রিসভার মন্ত্রীর সমমর্যাদা দিয়েছে। এর ফলে ভারতের প্রটোকল তালিকায় তিনি উচ্চতর মর্যাদা পাবেন। ভারত সরকারের গত ২৪ জুন জারি করা এক অফিস স্মারকে এ তথ্য জানানো হয়েছে।
স্মারকে বলা হয়, এই মর্যাদা দিনেশ ত্রিবেদীর জন্য ব্যক্তিগতভাবে প্রদান করা হয়েছে।
তবে এর ফলে দেশের বিদ্যমান প্রটোকল তালিকায় কোনো পরিবর্তন আনা হচ্ছে না।
এতে আরও বলা হয়, বিশেষ এই মর্যাদা কেবল আনুষ্ঠানিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।স্মারকে উল্লেখ করা হয়, বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীকে ব্যক্তিগত বিবেচনায় প্রটোকল তালিকায় মন্ত্রিসভার মন্ত্রীর সমমর্যাদা দেওয়া হয়েছে। তবে এ জন্য প্রটোকল তালিকায় কোনো সংশোধন আনা হয়নি।
৮১
