বিজয়নগর,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শহীদ মোহাম্মদ সাজিদুর রহমান ওমর-এর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর বিজয়নগর উপজেলা শাখার নেতাকর্মীরা।
বুধবার (১ জুলাই) জুলাই মাসের প্রথম প্রহরে উপজেলার পত্তন ইউনিয়নের পত্তন গ্রামে অবস্থিত শহীদ ওমরের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাশেদুল ইসলাম-এর নেতৃত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা এতে অংশ নেন।
কবর জিয়ারত শেষে শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শহীদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের ত্যাগ ও আদর্শ জাতির জন্য চিরন্তন প্রেরণার উৎস হয়ে থাকবে। শহীদদের স্মৃতি সংরক্ষণ, তাদের আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে।
তারা আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখা এবং শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। একই সঙ্গে তারা দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।
উল্লেখ্য, শহীদ মোহাম্মদ সাজিদুর রহমান ওমর ২০০০ সালের ৩ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মো. শাহজাহান। ২০২৪ সালের ২৮ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকালে তিনি শাহাদাতবরণ করেন।
কর্মসূচির শেষে শহীদ ওমরের আত্মার মাগফিরাত এবং দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
