শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ গোপালপুরে কম দামে সিমেন্ট বিক্রির নামে অভিনব কায়দায় প্রতারণার চেষ্টা

গোপালপুরে কম দামে সিমেন্ট বিক্রির নামে অভিনব কায়দায় প্রতারণার চেষ্টা

কে.এম.শামীম, গোপালপুর, টাংগাইল: টাঙ্গাইলের গোপালপুরে কম দামে সিমেন্ট বিক্রির প্রলোভন দেখিয়ে অভিনব কায়দায় এক ব্যবসায়ীর নিকট থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে একটি প্রতারক চক্র। তবে সচেতনতার কারণে অল্পের জন্য বড় আর্থিক ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত বুধবার (১ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে মো. সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তির মোবাইল নম্বরে একটি অজ্ঞাত নম্বর (০১৮২৪৮১২৭৫৬) থেকে কল আসে। কলকারী নিজেকে একটি কোরিয়ান কোম্পানির প্রজেক্ট এরিয়া ম্যানেজার পরিচয় দেয়। সে দাবি করে, তার সাইটে ১০০ বস্তা সিমেন্ট অতিরিক্ত রয়েছে, যা নষ্ট হওয়ার আশঙ্কায় বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে (প্রতি বস্তা ৩৫০ টাকা, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৫০০ টাকা) বিক্রি করে দিতে চায়।

কম দামে পাওয়ার আশায় সিরাজুল ইসলাম সরল বিশ্বাসে আগ্রহ প্রকাশ করলে, প্রতারক চক্রটি অগ্রিম বাবদ ১০,০০০ টাকা একটি বিকাশ নম্বরে (০১৮৯৮২২৩৫৫৩) পাঠাতে বলে এবং বাকি টাকা সিমেন্ট পৌঁছানোর পর ভ্যানচালককে দেওয়ার পরামর্শ দেয়।

অগ্রিম টাকা চাওয়ায় সিরাজুল ইসলামের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, প্রতারক চক্রটি সিরাজুল ইসলামের সাজানপুর বাজারস্থ ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘শিপন স্যানিটারি কারখানা’র নাম ব্যবহার করে গোপালপুরের রড-সিমেন্টের দোকান ‘হারুন এন্টারপ্রাইজ’ থেকে ১০০ বস্তা সিমেন্ট অর্ডার করেছে। সেখানেও প্রতারক চক্রটি ভ্যানচালকের মাধ্যমে টাকা বুঝে নেওয়ার কথা বলে হারুন এন্টারপ্রাইজকে আশ্বস্ত করার চেষ্টা চালায়।

মূলত হারুন এন্টারপ্রাইজ থেকে সিমেন্ট নিয়ে সিরাজুল ইসলামের দোকানে নামিয়ে দিয়ে কৌশলে বিকাশ নম্বরে টাকা হাতিয়ে নেওয়াই ছিল এই চক্রের মূল উদ্দেশ্য। সময়োচিত সচেতনতার কারণে প্রতারক চক্রের এই অভিনব জালিয়াতি নস্যাৎ হয়ে যায়। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে চাঞ্চল্য তৈরি হয়েছে এবং সবাইকে লেনদেনের ক্ষেত্রে আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এই বিষয়ে গোপালপুর থানা সাধারণ ডাইরী করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা