ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা পৌরসভার ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডসহ উপজেলার হবিরবাড়ি, কাচিনা, ধীতপুর, ভরাডোবা ও উথুরা ইউনিয়নে মাদকের বিস্তার আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এসব এলাকায় মাদক সহজলভ্য হওয়ায় দিন দিন তরুণ ও যুবসমাজের একটি বড় অংশ মাদকাসক্তির দিকে ঝুঁকে পড়ছে।
স্থানীয়দের ভাষ্যমতে, মাদকসেবীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চুরি, ছিনতাই, মারামারি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অসামাজিক কার্যকলাপও বেড়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর দাবি, মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা, আইনের কঠোর প্রয়োগ এবং মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি। একই সঙ্গে তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
