শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ৯৯৯-এর তথ্যের ভিত্তিতে পুলিশের যৌথ অভিযান: লুণ্ঠিত ৩১ গরু বোঝাই ট্রাক উদ্ধার, মুক্ত জিম্মি হেলপার

৯৯৯-এর তথ্যের ভিত্তিতে পুলিশের যৌথ অভিযান: লুণ্ঠিত ৩১ গরু বোঝাই ট্রাক উদ্ধার, মুক্ত জিম্মি হেলপার

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও সরাইল থানা পুলিশ লুণ্ঠিত ৩১টি গরু বোঝাই একটি ট্রাক, ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ এবং জিম্মি থাকা ট্রাকের হেলপারকে উদ্ধার করেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে ৯৯৯-এর মাধ্যমে খবর আসে, সিলেটের জৈন্তাপুর থেকে নরসিংদীগামী ৩১টি গরু বোঝাই একটি ট্রাক ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের শ্যামলীঘাট এলাকায় ডাকাতদের কবলে পড়েছে। ডাকাতরা ট্রাকটির চালক ও গরুর মালিককে হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে ট্রাকটি ছিনিয়ে নেয়। এ সময় ট্রাকের হেলপার হুমায়ুন কবির বিপ্লব (৫৫)-কে জিম্মি করে সঙ্গে নিয়ে যায়।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বেতার বার্তার মাধ্যমে বিষয়টি আশপাশের থানাগুলোকে অবহিত করেন। পরে পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব চন্দ্র সরকার, এসআই মাহবুবসহ বিজয়নগর থানা পুলিশের একটি দল লুণ্ঠিত ট্রাকটির পিছু নেয়। একই সময়ে সরাইল থানা পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে।

এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের যাত্রীরা ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করলে পুলিশ নিশ্চিত হয় যে লুণ্ঠিত ট্রাকটি ওই পথেই রয়েছে। পরে ট্রাকটিকে শনাক্ত করে ধাওয়া দিলে ডাকাতরা কুট্টাপাড়া হয়ে নাসিরনগর সড়কের দিকে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে সরাইল উপজেলার ধরন্তী ব্রিজের দক্ষিণ পাশে পুলিশ ট্রাকটির গতিরোধ করতে সক্ষম হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা ৩১টি গরু বোঝাই ট্রাক, ডাকাতির কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন টাটা সিঙ্গেল কেবিন মিনি পিকআপ এবং বিভিন্ন সরঞ্জাম ফেলে পাশের হাওর এলাকায় পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে ঢাকা মেট্রো-ট-২৪-২৯৭৯ নম্বরের ট্রাকে থাকা ৩১টি গরু, একটি রেজিস্ট্রেশনবিহীন মিনি পিকআপ এবং ডাকাতদের ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় জিম্মি থাকা ট্রাকের হেলপার হুমায়ুন কবির বিপ্লবকে উদ্ধার করা হয়।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “৯৯৯-এ সংবাদ পাওয়ার পরপরই বিজয়নগর ও সরাইল থানা পুলিশ সমন্বিতভাবে অভিযান পরিচালনা করে। দ্রুত অভিযানের ফলে লুণ্ঠিত ট্রাক, ৩১টি গরু এবং জিম্মি থাকা হেলপারকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পলাতক ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা