শ্রীমঙ্গল প্রতিনিধি: “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুলাই) বেলা ১২টায় শ্রীমঙ্গল কৃষি অফিসের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদা আক্তারের সভাপতিত্বে ও কালিঘাট ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. কামাল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার (ইউএইচও) প্রতিনিধি ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (হোমিওপ্যাথিক) ডা. মঈনউদ্দিন আহমেদ মামুন এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সচিব রুবেল আহমেদ। সভায় বক্তব্য রাখেন কালাপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক তোফায়েল আহমদ ও এসএসিএমও তারিক মো. ইকবাল প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এর মধ্যে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে রাজঘাট ইউনিয়নের ‘খ’ ইউনিট, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে সাতগাঁও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের অনামিকা পাল, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে সাতগাঁও ইউনিয়ন, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে কালিঘাট ইউনিয়ন পরিষদ, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে রাজঘাট ইউনিয়নের রোকন নায়েক এবং শ্রেষ্ঠ এসএসিএমও হিসেবে আশিদ্রোন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের তারিক মো. ইকবাল সম্মাননা লাভ করেন।
