কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারের রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেট কারে বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় তিন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় গাড়ির ড্যাশবোর্ড থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের রাবার বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন— কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শালুকিয়া এলাকার আব্দুল গফুরের ছেলে সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পশ্চিম নাউ এলাকার মৃত শহীদুল ইসলাম সবুজের মেয়ে সীমা ইসলাম (২২) এবং ঢাকার দারুসসালাম থানার দক্ষিণ বিশিল এলাকার শাকিল মৃধার স্ত্রী উর্মি আক্তার ঊষা (১৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র প্রাইভেট কারযোগে কক্সবাজার থেকে ইয়াবার চালান ঢাকায় পাচার করছে। এ তথ্যের ভিত্তিতে রামুর রাবার বাগান এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করা হয়।
একপর্যায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেট কারকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে গাড়িটি আটক করা হয়।
তল্লাশির সময় গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারী পরিচয় দিলেও যাচাই করে তার কোনো সত্যতা পাওয়া যায়নি। পরে গাড়ির ড্যাশবোর্ডে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিএনসি জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
