সিফাত,সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের সাঈদা সুলতানা শেফালী তিন দশকের বেশি সময় ধরে সমাজসেবায় নিবেদিত। ভাটারা ইউনিয়ন আনসার ও ভিডিপির মহিলা দলনেত্রী হিসেবে টানা ৩২ বছর দায়িত্ব পালন শেষে অবসর নিলেও মানুষের পাশে থাকা থামাননি তিনি।
বর্তমানে সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করছেন। সততা, নিষ্ঠা ও মানবিকতায় এলাকায় তিনি একজন আস্থাভাজন জনপ্রতিনিধি হিসেবে পরিচিত।
তবে দীর্ঘদিনের সেবার পরও ব্যক্তিগত জীবনে তিনি চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। তাঁর বসবাসের ঘরটি অত্যন্ত জরাজীর্ণ; বৃষ্টির সময় ছাদের অসংখ্য ছিদ্র দিয়ে পানি পড়ে, রোদে তীব্র সূর্যালোক সরাসরি ঘরে প্রবেশ করে এবং শীতে কনকনে ঠান্ডা ও কুয়াশা ভেতরে ঢুকে পড়ে। অর্থনৈতিক সংকটের কারণে ঘরটি মেরামতের সামর্থ্যও তাঁর নেই।
দীর্ঘ প্রায় ৩৫ বছর সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকলেও এখনো একটি আবাসনের প্রত্যাশায় আছেন তিনি। তবে প্রাপ্তির অভাব নয়, মানুষের ভালোবাসাকেই নিজের সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন শেফালী।
তাঁর এই নিরলস সেবাযাত্রা মনে করিয়ে দেয়—ত্যাগ ও দায়িত্ববোধই একজন মানুষকে সত্যিকার অর্থে বড় করে তোলে।
