নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ টি এম আব্দুল বারী ড্যানী। রবিবার ২৬ জুলাই অপরাহ্নে তিনি সংস্থাটির চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
এর আগে সকালে তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ে যোগদান করেন। পরে বাংলামটরের কাজী নজরুল ইসলাম এভিনিউতে বিআইডব্লিউটিসির প্রধান কার্যালয় ‘ফেয়ারলি হাউজে’ পৌঁছালে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান সদ্য সাবেক (অতিরিক্ত দায়িত্বে থাকা) চেয়ারম্যান ও নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুল ইসলাম। এ সময় বিআইডব্লিউটিসির পরিচালকবৃন্দ এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ টি এম আব্দুল বারী ড্যানী ১৯৭১ সালের ১ মার্চ নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার হারুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মো. ইব্রাহিম তালুকদার এবং মাতা জহুরা বেগম। শিক্ষা জীবনে তিনি ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক এডমিনিস্ট্রেশন (লোকপ্রশাসন) বিষয়ে অনার্স এবং ১৯৯৪ সালে একই বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন জনাব ড্যানী ইতিপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্য সেন হল ছাত্রদলের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ছিলেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। তাঁর স্ত্রী ফারজানা বাশার বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পরিচালক হিসেবে কর্মরত আছেন।
১১৮
