শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ ইয়াবার চালান নিতে গিয়ে বিজিবির জালে রামুর নুরুল হাশেম

ইয়াবার চালান নিতে গিয়ে বিজিবির জালে রামুর নুরুল হাশেম

রিয়াজ উদ্দিন | কক্সবাজার

দীর্ঘদিন ধরে সীমান্তপথে ইয়াবা কারবারের অভিযোগ থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর নাগালের বাইরে ছিলেন তিনি। অবশেষে মিয়ানমার সীমান্ত থেকে আসা একটি ইয়াবার চালান বুঝে নিতে গিয়ে বিজিবির হাতে ধরা পড়লেন কক্সবাজারের রামুর উত্তর ফতেখাঁরকুল ইউনিয়নের তেচ্ছিপুল গ্রামের নুরুল হাশেম (৩৫)।
বুধবার (২৯ জুলাই) দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা বাজার এলাকায় সীমান্ত পিলার-৪৪ থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার ভেতরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। অভিযানে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে চালকের আসনের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় নুরুল হাশেমের সঙ্গে থাকা একই এলাকার হাসান আলী (২০)-কেও আটক করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি, দুটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবার চালানসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের দাবি, নুরুল হাশেম দীর্ঘদিন ধরে সীমান্তঘেঁষা এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতেন। বিভিন্ন পরিবহনে বিশেষ কৌশলে মাদক লুকিয়ে পাঠানো ছিল তার চক্রের অন্যতম কৌশল।
বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে ইয়াবা ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা