শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ আশুলিয়ায় বিকাশের ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাত, গ্রেফতার ২

আশুলিয়ায় বিকাশের ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাত, গ্রেফতার ২

আশুলিয়া প্রতিনিধি।। আশুলিয়ায় বিকাশের ইলেকট্রনিক অর্থ (ই-মানি) হিসেবে প্রায় ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একটি পরিবেশক প্রতিষ্ঠানের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৭২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। আত্মসাৎ হওয়া বাকি ১ কোটি ৬৩ লাখ টাকা উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন-নায়ফা ট্রেড বিডি’র অ্যাকাউন্টস ম্যানেজার মো. আল আমিন ইসলাম (২১) এবং আশুলিয়া শাখার অ্যাকাউন্টস ম্যানেজার ইউসুফ রায়হান (২৪)। একই মামলার অপর আসামি প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউটর সেলস অফিসার (ডিএসও) জাহিদ হাসান অন্তর বর্তমানে পলাতক রয়েছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই রাত সাড়ে ৮টার দিকে আসামিরা পরস্পরের যোগসাজশে বিকাশ লেনদেনের জন্য ব্যবহৃত ঢাকা ব্যাংকের একটি হিসাবের ওটিপি (OTP) ব্যবহার করে ই-মানি নিজেদের নিয়ন্ত্রণে নেন। পরে সেই অর্থের একটি অংশ বিভিন্ন বিকাশ ওয়ালেটে স্থানান্তর করা হয়। বাজারে পরিবেশকদের কাছে বিতরণ না করে অর্থ আত্মসাতের উদ্দেশ্যে নিজেদের কাছে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনার পর অফিস কর্তৃপক্ষের সন্দেহ হলে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়। পরে জামগড়া বঙ্গ মার্কেট এলাকা থেকে ইউসুফ রায়হানকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চিত্রশাইল-
কাঠালতলা এলাকা থেকে আল আমিন ইসলামকে আটক করে পুলিশ। পরবর্তীতে প্রতিষ্ঠানের হিসাব-নিকাশ যাচাই করে দেখা যায়, দুই কার্যালয়ের ক্যাশসহ মোট ২ কোটি ৩৫ লাখ টাকার গরমিল রয়েছে। তদন্তে উঠে আসে, আত্মসাৎ করা অর্থ নিয়ে আসামিরা ভারতে পালানোর পরিকল্পনা করেছিলেন। তবে তার আগেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তারা ধরা পড়েন। অপর আসামি জাহিদ হাসান অন্তর এখনও পলাতক।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম (পিপিএম-সেবা) জানান,
,গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ ৭২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। আত্মসাৎ হওয়া বাকি অর্থ উদ্ধার এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তাও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শেখর চন্দ্র মল্লিক জানান,আত্মসাৎ হওয়া অবশিষ্ট অর্থ উদ্ধার, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং পলাতক সহযোগীদের শনাক্ত করার স্বার্থে গ্রেপ্তার দুই আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। পুলিশের দাবি,তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা