শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সাভারে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

সাভারে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

সাভার থেকে ফাহাদ-ই-আজমঃ ঢাকার সাভারে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মনোয়ারুল হোসেন বকশী (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, পুলিশের ধাওয়ার মুখে আতঙ্কিত হয়ে ছাদ থেকে পড়ে তিনি মারা যান। তবে পুলিশ এ অভিযোগ নাকচ করে জানিয়েছে, গ্রেপ্তারের ভয়ে পালানোর সময় তিনি নিজেই ছাদ থেকে নিচে পড়ে যান।

শুক্রবার (৭ আগস্ট) রাত প্রায় ১টার দিকে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) স্টাফ কোয়ার্টারের একটি ভবনে এ ঘটনা ঘটে। নিহত মনোয়ারুল হোসেন বকশী বিপিএটিসির নিরাপত্তাকর্মী মুহাম্মদ জাফর আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গভীর রাতে পুলিশের একটি দল তাদের বাসায় অভিযান চালায়। এ সময় মনোয়ারুলকে ধরতে গেলে তিনি ভবনের ছাদে উঠে যান। একপর্যায়ে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, রংপুরের পীরগাছা থানায় দায়ের করা একটি অপহরণ মামলার তদন্তের সূত্র ধরে সাভারে অভিযান চালানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা স্থানীয় পুলিশের সহযোগিতায় বিপিএটিসি স্টাফ কোয়ার্টারের একটি ফ্ল্যাটে যান। সেখানে মামলার আসামি শাহরিয়ার কবির সৌমি ও তার সঙ্গে থাকা এক তরুণীকে খোঁজা হলেও তারা পুলিশের আগেই সেখান থেকে চলে যান।

ওসি বলেন, এ সময় ভবনের নিচে বিকট শব্দ শুনে পুলিশ ও উপস্থিত লোকজন বাইরে এসে মনোয়ারুলকে পড়ে থাকতে দেখেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের অভিযোগ প্রসঙ্গে ওসি বলেন, প্রাথমিকভাবে পুলিশের ধাওয়ার বিষয়টি শোনা গেলেও দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পুলিশ দেখে ভয় পেয়ে পালানোর সময় মনোয়ারুল ছাদ থেকে নিচে পড়ে যান। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংবাদ লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

এদিকে সাভার থানা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমদ মাশফি বলেন, নিহত মনোয়ারুল হোসেন বকশী সাভার থানা ছাত্রদলের কমিটির সদস্য নন।

ঘটনার সময় অভিযানে অংশ নেওয়া সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাইয়ের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা