শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ভালুকায় অনুমোদন ছাড়াই রাসায়নিক সংমিশ্রণে তৈরি হচ্ছে পিঁপড়া-ইঁদুর তাড়ানো ও দাঁত মাজনের কারখানা

ভালুকায় অনুমোদন ছাড়াই রাসায়নিক সংমিশ্রণে তৈরি হচ্ছে পিঁপড়া-ইঁদুর তাড়ানো ও দাঁত মাজনের কারখানা

তমাল কান্তি সরকার, ভালুকা,প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই রাসায়নিক সংমিশ্রণে পিঁপড়া ও ইঁদুর তাড়ানোর উপকরণ এবং দাঁতের মাজন তৈরি করার কারখানা গড়ে তোলার অভিযোগ উঠেছে। উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জীবনতলা এলাকার একটি নির্জন স্থানে গড়ে উঠেছে ছোট পরিসরের এ কারখানা।

স্থানীয়দের অভিযোগ, কারখানাটিতে বিভিন্ন রাসায়নিক উপাদান মিশিয়ে পিঁপড়া ও ইঁদুর তাড়ানোর পণ্য এবং দাঁতের মাজন তৈরি করা হচ্ছে। এসব পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

অভিযোগ রয়েছে, কারখানাটির বিএসটিআইয়ের প্রয়োজনীয় অনুমোদন নেই এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও নেই। বৈধ কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে কারখানাটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে বলে স্থানীয়রা জানান।

স্থানীয়দের ভাষ্য, নির্জন এলাকায় কারখানাটি স্থাপন করায় সেখানে কী ধরনের রাসায়নিক ব্যবহার করা হচ্ছে এবং উৎপাদন প্রক্রিয়ায় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকি তৈরি হচ্ছে কি না, তা নিয়ে তারা উদ্বিগ্ন। বিশেষ করে দাঁতের মাজনের মতো সরাসরি মানবদেহে ব্যবহৃত পণ্য অনুমোদন ও মান নিয়ন্ত্রণ ছাড়া উৎপাদন করা হলে তা ভোক্তাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটির মালিক হিসেবে গাজী নামের এক ব্যক্তির কথা বলা হচ্ছে। তবে তার বিস্তারিত পরিচয় ও কারখানাটির বৈধ কাগজপত্র সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন, বিএসটিআই ও পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত করে কারখানাটির বৈধতা, উৎপাদন প্রক্রিয়া এবং ব্যবহৃত রাসায়নিকের নিরাপত্তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তবে অভিযোগের বিষয়ে কারখানার মালিকের বক্তব্য,আমার সব ধরণের অনুমতি রয়েছে। শুধু বিএসটিআই ও পরিবেশের ছাড়াপত্র নাই।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা