শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী

বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী

বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য। মানুষের উপকার হয়—এমন কাজই সরকার করতে চায়।

রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের সব খাল-বিলে মাছের পোনা অবমুক্ত করা হবে। এর মাধ্যমে দেশের মৎস্যসম্পদ বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য মাছের সহজলভ্যতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

কৃষকদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকারের সামর্থ্য অনুযায়ী কৃষকদের পাশে দাঁড়ানো হবে। কৃষি খাতের উন্নয়ন এবং কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।

নারী শিক্ষার বিষয়ে তিনি বলেন, নারী সমাজকে এগিয়ে নিতে স্নাতক পর্যন্ত নারী শিক্ষা ফ্রি করা হবে। ভালো ফলাফল করা মেয়েদের উপবৃত্তি দেওয়া হবে। পাশাপাশি সারাদেশের দরিদ্র ১ লাখ ২০ হাজার শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়া হবে।

তারেক রহমান বলেন, দেশের মানুষের জীবনমানের উন্নয়ন এবং জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের লক্ষ্য। মানুষের কল্যাণে যে কাজ প্রয়োজন, সরকার সেটিই করতে চায়।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যতবার রাষ্ট্রক্ষমতায় এসেছে, তখনই কিছু দল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। রাজপথে বিশৃঙ্খলা করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা করলে তা রুখে দিতে হবে।

তিনি বলেন, দেশকে সামনে এগিয়ে নেওয়ার এখনই সময়। ফ্যাসিবাদকে বিদায় করেছে মানুষ। এখন সবাইকে হাতে হাত রেখে রাষ্ট্র মেরামতের কাজে এগিয়ে আসতে হবে। দেশকে গড়ে তুলতে জনগণকেও ভূমিকা রাখতে হবে।

দেশের উন্নয়নে যারা বাধা সৃষ্টি করবে, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশের শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধেও সতর্ক থাকার কথা বলেন তিনি।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে তারেক রহমান বলেন, সত্যিকার অর্থে দেশের উন্নয়ন হয়ে থাকলে বিদ্যুৎ ও গ্যাস সংকটে মানুষকে কেন দুর্ভোগ পোহাতে হচ্ছে? অতীতে অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের কারণে এসব সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশ ও জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার। দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের কল্যাণকে সামনে রেখেই সরকার কাজ করবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা