সোমবার | নভেম্বর ২৩, ২০২৬
প্রচ্ছদ জাতীয় অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ : অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ : অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে পাওয়া এই ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৬ আগস্ট) ডারউইন টেস্টে বাংলাদেশ জয় নিশ্চিত করার সময় কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী। ম্যাচ শেষে তিনি ভিডিওকলে বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন এবং ঐতিহাসিক জয়ের জন্য তাদের শুভেচ্ছা জানান।

এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের পক্ষ থেকেও ক্রিকেটারদের অভিনন্দন জানান। তিনি বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের নিজেদের মাঠে বাংলাদেশের এই জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের বিষয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, ক্রিকেটারদের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও সম্মিলিত প্রচেষ্টার ফলেই এমন অসাধারণ সাফল্য এসেছে। তিনি বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

পরবর্তী টেস্টেও বাংলাদেশ ভালো করবে এবং সিরিজ জয়ের সম্ভাবনাকে চূড়ান্ত সাফল্যে রূপ দেবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

ডারউইন টেস্টে প্রথমে ব্যাট করে ১৯৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাবে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রান সংগ্রহ করে ২২৮ রানের বড় লিড নেয়।

দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ২৮৪ রানে গুটিয়ে গেলে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান। সেই লক্ষ্য ৯ উইকেট হাতে রেখে এবং ম্যাচের চতুর্থ দিনেই পূরণ করে বাংলাদেশ।

এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ২৩ বছর পর টেস্ট জয়ের স্বাদ পেল টাইগাররা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা