শাকিলা সুলতানা : রাজধানীর শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ৭৭ কেজি গাঁজাসহ মোঃ সোহেল সরদার (৩৮) নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ। শনিবার (১৫ আগস্ট) রাতে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপি সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি চৌকস দল শ্যামপুর থানার পশ্চিম ধোলাইপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সোহেল সরদারকে গ্রেফতারের পাশাপাশি তার কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গোয়েন্দা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃত সোহেল সরদার একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯টি মামলাসহ বিভিন্ন অভিযোগে দেশের বিভিন্ন আদালতে মোট ২০টি মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে শ্যামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ
