ঈদগাঁও ( ককসবাজার) প্রতিনিধি : চট্টগ্রাম থেকে কক্সবাজার যাতায়াতে নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে। ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী জনপ্রিয় মহানগর এক্সপ্রেস কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে বাংলাদেশ রেলওয়ে।
একই সঙ্গে ট্রেনটি শীতাতপ নিয়ন্ত্রিত করার উদ্যোগ রয়েছে বলে জানা গেছে।
পরিকল্পনা বাস্তবায়িত হলে চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে সময় কমে প্রায় ২ থেকে আড়াই ঘণ্টায় নেমে আসতে পারে। ফলে সড়কপথের দীর্ঘ যানজট এড়িয়ে দ্রুত ও স্বাচ্ছন্দ্যে পর্যটন নগরীতে যাতায়াতের সুযোগ পাবেন যাত্রীরা।
রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা-কক্সবাজার রেলপথ চালুর পর এ রুটে যাত্রীর চাপ ক্রমেই বাড়ছে। নতুন ট্রেন ও বগি যুক্ত হলে টিকিট সংকট কমার পাশাপাশি যাত্রী পরিবহনের সক্ষমতাও বাড়বে।
সংশ্লিষ্টরা বলছেন, রেল যোগাযোগ সম্প্রসারিত হলে কক্সবাজারের পর্যটন খাতের পাশাপাশি সামুদ্রিক মাছ, শুঁটকি ও লবণসহ বিভিন্ন পণ্য দ্রুত ও কম খরচে দেশের অন্যান্য অঞ্চলে পরিবহনের সুযোগ তৈরি হবে।
বর্তমানে ঢাকা-কক্সবাজার রেলপথ থেকে বছরে প্রায় ৫৯ কোটি টাকা রাজস্ব আয় করছে রেলওয়ে। নতুন ট্রেন চালু ও যাত্রীসেবা বাড়ানো গেলে এ আয় আরও কয়েকগুণ বাড়বে বলে আশা করা হচ্ছে।
