ফাহাদ-ই-আজম, সাভার : দেশে দীর্ঘ সময়েও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, বর্তমান সরকার এমন এক সময়ে দায়িত্ব নিয়েছে, যখন দেশের অর্থনীতি নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
মঙ্গলবার ( ১৮- আগষ্ট) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ভাঙ্গা ব্রিজ এলাকায় মহাসড়কের সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্থানীয় সরকার বিভাগ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। চলতি বছর স্থানীয় সরকার বিভাগের পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। এসব নির্বাচনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা বাজেট ধরা হয়েছে বলেও জানান তিনি।
এ সময় আমিনবাজার ও আশুলিয়া পৌরসভা বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার কথাও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
মহাসড়কের সৌন্দর্যবর্ধন প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকার দুই পাশে দীর্ঘদিনের ময়লা-আবর্জনা পরিষ্কার করে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় মহাসড়ককে আরও পরিচ্ছন্ন ও নান্দনিক করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে ঢাকা জেলা প্রশাসনের কর্মকর্তা মিজ ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
