শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশরংপুর রংপুর-ভূরুঙ্গামারী সরাসরি মেইল বাস চালুর দাবিতে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান

রংপুর-ভূরুঙ্গামারী সরাসরি মেইল বাস চালুর দাবিতে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে রংপুরের সঙ্গে সরাসরি মেইল বাস সার্ভিস চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান সরকার স্বপন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তাইফুর রহমান মানিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান রোকন এবং নাহিদ হাসান প্রিন্স।
বক্তারা বলেন, রংপুরের সঙ্গে সরাসরি মেইল বাস সার্ভিস বন্ধ থাকায় ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার লাখো মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী ও রোগীদের যাতায়াতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে। দ্রুত এ রুটে মেইল বাস সার্ভিস পুনরায় চালু না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান সরকার স্বপন বলেন, “যৌক্তিক কোনো কারণ ছাড়াই রংপুর-ভূরুঙ্গামারী মেইল বাস সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে। এই সার্ভিস চালু হলে নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার হাজার হাজার শিক্ষার্থী ও রোগী সহজেই রংপুরে যাতায়াত করতে পারবে। দ্রুত বাস চলাচল চালু না হলে কুড়িগ্রাম মালিক সমিতির বাস ভূরুঙ্গামারীতে প্রবেশ করতে দেওয়া হবে না।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ বলেন, মেইল বাস সার্ভিস চালুর দাবিতে বিক্ষোভকারীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হবে এবং স্থানীয়দের দাবি জেলা প্রশাসককে অবহিত করা হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা