নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুর সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নগরীর মাহিগঞ্জ এলাকার ব্যবসায়ী একরামুল হক (৬৫)। সংকটাপন্ন অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে।
গত বুধবার (১৬ সেপ্টেম্বর) নগরীর সাতমাথা এলাকায় একটি পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় রংপুর সিটি করপোরেশনের একটি ময়লাবাহী গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে পরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
আহত একরামুল হকের ছেলে বাপ্পী জানান, ১৬ সেপ্টেম্বর বুধবার তার বাবা সাতমাথা থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে অবস্থান করছিলেন। এ সময় রংপুর সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়িটি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন থাকলেও তার অবস্থার কোনো উন্নতি হয়নি।
এ বিষয়ে মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আহত একরামুল হকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে রংপুর সিটি করপোরেশনের যান্ত্রিক শাখার প্রকৌশলী সাজ্জাদুর রহমান বলেন, সময়ের অভাবে এবং কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ না হওয়ায় হাসপাতালে গিয়ে আহত একরামুল হকের সঙ্গে দেখা করা সম্ভব হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে দুর্ঘটনার পর ময়লাবাহী গাড়ির চলাচল ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আহত একরামুল হকের পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
