মোঃ মিজানুর রহমান
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সম্প্রতি অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
শনিবার (২০জুন) সকালে বুরুদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।
কিশোরগঞ্জ-২(পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো.জালাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব সহায়তা তুলে দেন।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আবদুল মান্নান ও বুরুদিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.শাহজাহান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো.জালাল উদ্দিন এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী সম্প্রতি হাওড় অঞ্চলে অতি বৃষ্টির ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষক পরিবারকে মানবিক সহায়তা হিসাবে এসব নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। এতে কৃষকেরা তাদের ক্ষতি কিছুটা হলেও পূরণ করতে সক্ষম হবেন বলে আশা করি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি অতিবৃষ্টিতে কৃষকদের মানবিক সহায়তা কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের ৪০ জন ক্ষতিগ্রস্ত কৃষকের প্রত্যেককে তিন হাজার টাকা ও ১৫ কেজি করে চাল দেওয়া হয়েছে। আগামি তিন মাস তারা এই সহায়তা পাবেন।
উপজেলার সবকটি ইউনিয়নে পর্যায়ক্রমে এসব মানবিক সহায়তার নগদ অর্থ ও চাল বিতরন করা হচ্ছে।
