বুধবার | নভেম্বর ৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ডাকাতির স্বর্ণ ভাগ-বাঁটোয়ারা নিয়ে শাকের হত্যা

ডাকাতির স্বর্ণ ভাগ-বাঁটোয়ারা নিয়ে শাকের হত্যা

মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় চাঞ্চল্যকর পৌর যুবদল নেতা শাকের হোসেন হত্যাকান্ড নেপথ্যে স্বর্ণ ডাকাতির ঘটনায় লুট হওয়া স্বর্ণের ভাগ-বাঁটোয়ারার বিরোধ।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বুধবার (৪ নভেম্বর) দুপুরে মাগুরা পুলিশ লাইন্সের ড্রিল শেডে প্রেস ব্রিফিং এ তথ্য জানান।

তিনি জানান, হত্যা ও ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে স্বর্ণের বার ও ডাকাতিতে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল। হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটনে তদন্তের প্রায় ৯৫ শতাংশ অগ্রগতি হয়েছে।

তিনি আরো জানান, গত ২১ অক্টোবর ভোরে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস পরিবহনের কাউন্টারে গুলিবিদ্ধ হয়ে নিহত হন পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাকের হোসেন। ঘটনার পর থেকেই হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটনে মাঠে নামে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। তদন্তে সামনে আসে গত ৬ অক্টোবর মাগুরার রামনগর এলাকায় একটি পরিবহন থেকে ১৪টি স্বর্ণের বার ডাকাতির ঘটনা। ডাকাতির স্বর্ণের ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধের জেরেই পরিকল্পিতভাবে হত্যা করা হয় শাকের হোসেনকে।

স্বর্ণ ডাকাতি ও শাকের হত্যাকান্ডের ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় আরো গ্রেফতার করা হয় পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মারুফ হোসেন, রনি শিকদার, শামীমা তাবাসসুম লুবনা ও স্বর্ণ ব্যবসায়ী অনিমেষ মজুমদার, বশির আলী, মো: মিল্টন মোল্যা, মারুফা আক্তারকে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে স্বর্ণের বার ও ডাকাতিতে ব্যবহৃত গাড়ি উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা