শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ ভালুকায় বজ্রপাতে নিহত কিশোরের পরিবারকে পৌরসভার আর্থিক সহায়তা

ভালুকায় বজ্রপাতে নিহত কিশোরের পরিবারকে পৌরসভার আর্থিক সহায়তা

ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে নিহত কিশোর ফয়সাল আহাম্মেদ (১৪)-এর পরিবারের পাশে দাঁড়িয়েছে ভালুকা পৌরসভা।
২৯ জুন মঙ্গলবার পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: ইকবাল হোসাইন নিহত ফয়সালের বাবার হাতে পৌরসভার পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন।
জানা যায়, সম্প্রতি দুপুরে ভালুকা পৌরসভার মেঘার মাঠে, ভালুকা প্রেসক্লাব সংলগ্ন এলাকায় বজ্রপাতে ফয়সাল আহাম্মেদ নিহত হয়। সে ভালুকা পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা এবং তাদের স্থায়ী বাড়ি মুক্তাগাছা উপজেলায়। ফয়সালের বাবা ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং ফয়সালও বাবার কাজে সহযোগিতা করত।
স্বজনরা জানান, ঘটনার দিন দুপুরে ফয়সাল খেলতে যাওয়ার আগে মাকে বলেছিল, “মা, রান্না করো। আমি এসে খাব।” কিন্তু সেই ফেরা আর হয়নি। কিছুক্ষণ পর পরিবারের কাছে পৌঁছে তার মৃত্যুর মর্মান্তিক সংবাদ।
ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ভালুকা পৌর প্রশাসক মো. ইকবাল হোসাইন নিহতের পরিবারের খোঁজখবর নেন এবং পৌরসভার পক্ষ থেকে আর্থিক সহায়তার আশ্বাস দেন। তবে সেদিন নিহতের মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা মুক্তাগাছায় চলে যাওয়ায় সহায়তা প্রদান সম্ভব হয়নি।
পরে তিন দিন পর ফয়সালের বাবা পৌর প্রশাসকের সঙ্গে যোগাযোগ করে লিখিত আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আজ তাকে পৌরসভায় ডেকে পৌরসভার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় পৌর প্রশাসক মো. ইকবাল হোসাইন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভবিষ্যতেও মানবিক প্রয়োজনে পৌরসভার পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা