বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধ : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বরফের নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৪২২টি ভারতীয় শাড়ি জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৫৩ লাখ ৬৮ হাজার টাকা।
বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইসলামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সিলেট থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসটির লাগেজ বক্সে থাকা একটি ড্রামের ওপর বরফের স্তরের নিচে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ৪২২টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানিয়েছে, জব্দকৃত শাড়িগুলো প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়া হবে।
বিজিবি আরও জানায়, মহাপরিচালকের নির্দেশনা—”বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই মূলমন্ত্রকে সামনে রেখে সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।
