কক্সবাজার প্রতিনিধি: টানা বর্ষণ, বন্যা পরিস্থিতির অবনতি এবং বৈরী আবহাওয়ার কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহ্দী আমিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী। দুর্গত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং স্থানীয় প্রশাসনকে জনগণের পাশে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে শনিবারের নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। পরীক্ষার্থীদের নিয়মিত বোর্ডের নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে টানা বৃষ্টি ও বন্যার কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় জনজীবন ব্যাহত হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪৬
