ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি: টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মাঠে সক্রিয় রয়েছেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট হাছান ছিদ্দিকী। তিনি উপজেলার বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন করে পানিবন্দী মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের দুর্ভোগ লাঘবে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিচ্ছেন।
শনিবার (১১ জুলাই) তিনি হ্নীলা, বাহারছড়া, টেকনাফ সদর ও হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এবং সাতঘরিয়া পাড়াসহ বিভিন্ন প্লাবিত ও পাহাড়ধসের ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও চাহিদার কথা শোনেন।
পরিদর্শন শেষে তিনি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে যোগাযোগ করে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। একই সঙ্গে দ্রুত পানি নিষ্কাশন, জলাবদ্ধতা নিরসন এবং ঝুঁকিপূর্ণ এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
অ্যাডভোকেট হাছান ছিদ্দিকী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরীর পরামর্শে দলীয় নেতাকর্মীরা দুর্যোগকবলিত মানুষের পাশে থেকে কাজ করছেন। তিনি বলেন, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে কলেরা, ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগে দ্রুত জলাবদ্ধতা নিরসন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
পরিদর্শনকালে যুবদল নেতা রিফাত মোহাম্মদ জাকারিয়া, ছাত্রদল নেতা মুজাহিদসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
