শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ কক্সবাজারে র‌্যাব-১৫-এর অভিযানে ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ল দুর্ধর্ষ দস্যু মিজানুর রহমান

কক্সবাজারে র‌্যাব-১৫-এর অভিযানে ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ল দুর্ধর্ষ দস্যু মিজানুর রহমান

রিয়াজ উদ্দিন, কক্সবাজার: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বহুল আলোচিত ৬ রাবার শ্রমিক অপহরণ মামলার মূল পরিকল্পনাকারী ও একাধিক মামলার পলাতক আসামি মিজানুর রহমান (২৬)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। মাদক মামলায় সাজাপ্রাপ্ত এবং নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন মামলার এই আসামিকে মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যেই কক্সবাজার সদর এলাকা থেকে আটক করা হয়।

র‌্যাব-১৫ জানায়, গত ৩ জুলাই রাত সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং বড়ইঝিরি এলাকার একটি রাবার বাগান থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা ৬ জন রোহিঙ্গা শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে। পরে অপহৃতদের পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়।
এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি নিয়মিত অপহরণ মামলা দায়ের হলে বিষয়টি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপরই র‌্যাব-১৫ গোয়েন্দা নজরদারি বাড়িয়ে অপহরণচক্রকে আইনের আওতায় আনতে বিশেষ অভিযান শুরু করে।
এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজার সদর থানার জানারঘোনা পাওয়ার হাউস এলাকায় অভিযান চালিয়ে অপহরণ সিন্ডিকেটের মূল হোতা মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আহমদ হোসেনের ছেলে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি মাদক মামলায় সাজাপ্রাপ্ত এবং নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আরও বিভিন্ন অপরাধে সম্পৃক্ত থাকার তথ্য রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা