শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

রকসী সিকদার, চট্টগ্রাম প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রামে ভয়াবহ বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় প্লাবিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন

বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত,এমপি।এসময় তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা খাবার ও চাল বিতরণ করেন।

পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আজ ( ১২ জুলাই) সকাল ১১ টায় প্রতিমন্ত্রী সর্বপ্রথম জলাবদ্ধতায় প্লাবিত এলাকা সিএন্ডবি টেকবাজারপোল পরিদর্শন করেন এবং সেখানে স্থানীয় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা খাবার ও চাল বিতরণ করেন।

পরে দুপুর ১২ টা ৩০ মিনিটে তিনি নগরীর ফইল্লাতলী বাজার সংলগ্ন মহেষ খাল,বারনীঘাট খাল,হালিশহর থানা রোড ও জেলেপাড়া রোডের জলমগ্ন পরিস্থিতি ও পানি নিষ্কাশন ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে দক্ষিণ কাট্টলী ১১ নম্বর ওয়ার্ডের ফইল্লাতলী বাজার সংলগ্ন লাকী স্কয়ার কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিতরণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা.শাহাদাত হোসেন,চট্টগ্রাম-০৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ,এমপি এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। এছাড়াও মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রশাসনিক সহায়তায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের (৩৪ ইসিবি) ডিরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম শামসসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।মানবিক এই কার্যক্রমে আরও অংশ নেন মহানগর বিএনপির সদস্য সৈয়দ সেহাব উদ্দিন আলম,সদস্য জাফর আহমদ, সদস্য মোঃ আজমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

চট্টগ্রাম জেলায় ৫ তারিখ থেকে চলা অবিরাম বর্ষণে সৃষ্ট বন্যায় মোট ৫ লাখ ৯৫ হাজার ক্ষতিগ্রস্ত/প্রভাবিত মানুষের তথ্য পাওয়া গিয়েছে। এ পর্যন্ত ১৩ জন নিহত এবং ১২ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়া ৫৮০টি আশ্রয়কেন্দ্রে মোট ২১৯০০ জন আশ্রয় গ্রহণ করেছেন। ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ইতোমধ্যে ৭১০ মেট্রিক টন চাল, প্রায় ৬০ লাখ টাকা এবং ৩৯ হাজার ২৫০ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে। পাশাপাশি ১৫ হাজার প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া আরও ৪৯০ মেট্রিক টন চাল ও ২৭২৫০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা প্রয়োজন অনুযায়ী দ্রুত বিতরণ করা হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা