বৃহস্পতিবার | নভেম্বর ৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশসিলেট শ্রীমঙ্গলে জনতার হাতে আটক মদবোঝাই সিএনজি, ২০৪ বোতল মদসহ মাদক ব্যবসায়ী পুলিশে সোপর্দ

শ্রীমঙ্গলে জনতার হাতে আটক মদবোঝাই সিএনজি, ২০৪ বোতল মদসহ মাদক ব্যবসায়ী পুলিশে সোপর্দ

শাহাব উদ্দিন আহমদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মদ বহনকারী একটি সিএনজি অটোরিকশাসহ অমিত সতনামী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (১৩ জুলাই) ভোরে উপজেলার সদর ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।

আটক অমিত সতনামী উপজেলার জেরিন চা বাগানের স্বপন সতনামীর ছেলে।

রাধানগর এলাকার মাদকবিরোধী টিমের সদস্য আবুল হাসেম জানান, সোমবার ভোরে রাধানগর সড়ক দিয়ে পর্দা (ত্রিপল) টানিয়ে একটি সিএনজি অটোরিকশা (মৌলভীবাজার-থ ১৩১৪০১) যাচ্ছিল। গাড়িটি দেখে সন্দেহ হলে টিমের সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান এবং ভেতরে ১৭ কার্টন মদ দেখতে পান। পরে গাড়িসহ মাদক ব্যবসায়ীকে আটক করে শ্রীমঙ্গল থানা পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আটক ব্যক্তিকে গাড়িসহ তাদের হাতে তুলে দেওয়া হয়।

শ্রীমঙ্গল থানার এসআই হারুন জানান, অমিত সতনামী খাইছড়া চা বাগান থেকে মদ কিনে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে রাধানগর এলাকায় নিয়ে যাচ্ছিলেন। স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করা হয়। এ সময় সিএনজি অটোরিকশা থেকে ২০৪ বোতল দেশীয় কেরু মদ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ১১ হাজার টাকা।

শ্রীমঙ্গল থানার তদন্ত ওসি আব্দুর রাজ্জাক জানান, রাধানগর এলাকাবাসীর সহায়তায় সোমবার ভোরে অবৈধভাবে মদ বহনকারী সিএনজিসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা