মো. কেফাইতুল ভুঁইয়া, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের নামে ভুয়া ব্যাংক হিসাব খুলে ২ কোটি ৩৫ লাখ টাকার চেক ডিজঅনার মামলা দায়েরের অভিযোগে প্রতিবাদ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।
শনিবার বিকেল ৪টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তী বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন বুধন্তী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক মোশাহিদুল ইসলাম সোহেল, বিজয়নগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খাবিরুর রহমান মনির, বুধন্তী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন নয়ন, উপজেলা তাতী দলের সদস্য সচিব আনোয়ার হোসেন মঞ্জু, বুধন্তী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল খান এবং বুধন্তী গ্রামের বিশিষ্ট ব্যক্তি আব্দুল মালেক সুজন ভূঁইয়াসহ অনেকে।
বক্তারা অভিযোগ করে বলেন, পারিবারিক বিরোধের জেরে বুধন্তী গ্রামের শামীম ভূঁইয়া ও চমক ভূঁইয়া পরিকল্পিতভাবে ঢাকার ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির কারওয়ান বাজার শাখার ফার্মগেট সাব-শাখার কয়েকজন অসাধু কর্মকর্তার যোগসাজশে ২০২৫ সালের ২ নভেম্বর মো. মিজানুর রহমানের নামে একটি ভুয়া ব্যাংক হিসাব খোলেন। পরে ওই হিসাবের দুটি চেক ব্যবহার করে শামীম ভূঁইয়া বাদী হয়ে ২ কোটি ৩৫ লাখ টাকার চেক ডিজঅনার মামলা দায়ের করেন।
তাদের দাবি, মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। তারা আরও অভিযোগ করেন, শামীম ভূঁইয়া এর আগেও একই ধরনের অভিযোগে স্থানীয় ইউপি সদস্য সোহাগ ভূঁইয়াসহ একাধিক ব্যক্তিকে ভুয়া চেক ডিজঅনার মামলায় হয়রানি করেছেন।
মানববন্ধন থেকে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের, বিশেষ করে অভিযুক্ত ব্যাংক কর্মকর্তাদের এবং শামীম ভূঁইয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, প্রতিবেদনটি মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তাদের অভিযোগ ও বক্তব্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।
