মোঃ এরশাদুল ইসলাম আজাদ, ভোলা প্রতিনিধিঃ উজান থেকে নেমে আসা পানির চাপ এবং তীব্র স্রোত ও অতিবৃষ্টির কারণে ভোলার মেঘনা নদীর তীরবর্তী বাণিজ্যিক বন্দর ঢাকা-লক্ষ্মীপুর সংযোগস্থল ইলিশা পয়েন্টে শত শত সিসি ব্লক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে ঝুঁকির মুখে পড়েছে ভোলার গুরুত্বপূর্ণ পয়েন্ট ইলিশা ফেরিঘাট, লঞ্চঘাট, মাছঘাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ভোলা শহর রক্ষা বাঁধ।
দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ভাঙন আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
গত ১৪ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় ভাঙনের তীব্রতা বাড়তে থাকে। পানির প্রবল চাপ ও স্রোতে চার স্তরের সিসি ব্লকের প্রায় ২০ মিটার এলাকাজুড়ে ধস নেমেছে। এরই মধ্যে আরও প্রায় ১০ মিটার এলাকায় বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে, যা নতুন করে ভাঙনের আশঙ্কা তৈরি করেছে।
স্থানীয়দের দাবি, এটি শুধু একটি নদীতীর নয়; বরং ভোলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ ও অর্থনৈতিক কেন্দ্র। এখানে জেলার প্রধান ফেরিঘাট, লঞ্চঘাট, মাছঘাটসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অবস্থিত। ভাঙন অব্যাহত থাকলে যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য এবং নদীতীরবর্তী বসতি মারাত্মক হুমকির মুখে পড়বে।
ভাঙনের কারণে বিআইডব্লিউটিএ সাময়িকভাবে একটি লঞ্চঘাটে যাত্রী ওঠানামা বন্ধ ঘোষণা করেছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা দোকানপাট ও স্থাপনা সরিয়ে নেওয়ার কাজ চলছে।
স্থানীয়দের অভিযোগ, ২০২৩ ও ২০২৪ সালেও একই স্থানে সিসি ব্লক ধসের ঘটনা ঘটেছিল। তখন জরুরি মেরামত করা হলেও স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতি বর্ষা মৌসুমেই একই ধরনের ভাঙন দেখা দিচ্ছে।
এদিকে ভাঙন এলাকা পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন আরিফ জানান, ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে জরুরি ভিত্তিতে ডাম্পিংসহ প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ভোলায় মেঘনার ভাঙন থেকে রক্ষায় ২০২১ সালে প্রায় ৩৩৫ কোটি টাকা ব্যয়ে সদরের রাজাপুর ও ইলিশা ইউনিয়নের ৮ কিলোমিটার এলাকাজুড়ে শহর রক্ষা বাঁধ ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প বাস্তবায়ন করা হয়। তবে স্থানীয়দের মতে, কেবল অস্থায়ী সংস্কার নয়, টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই ইলিশা পয়েন্টের ভাঙন স্থায়ীভাবে রোধ করা সম্ভব।
স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভোলা শহর রক্ষা বাঁধসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে।
