শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ মেহেরপুরের গাংনী এতিমখানার শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের ধারণা হত্যা

মেহেরপুরের গাংনী এতিমখানার শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের ধারণা হত্যা

গাংনী (মেহেরপুর) থেকে মাসুদ রানা: মেহেরপুরের গাংনী উপজেলার একটি এতিমখানায় হাসাইন (৭) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হাসাইন গাংনী উপজেলার আজান গ্রামের বিপ্লব হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খাবার শেষে হাসাইন এতিমখানার নিজ কক্ষে যায়। কিছুক্ষণ পর অন্য শিক্ষার্থীরা তাকে কক্ষের মেঝেতে নাক-মুখ দিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে কর্তৃপক্ষকে খবর দেয়। পরে তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এতিমখানার সুপারিনটেনডেন্ট মিজানুর রহমান জানান, সকালের খাবার শেষে অন্য শিক্ষার্থীরা বাইরে গেলেও হাসাইন কক্ষে অবস্থান করছিল। পরে দুই শিশু তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি জানায়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
শিক্ষার্থীর বাবা বিল্লাল হোসেন বলেন, এখানে দেওয়ায় আমার ভুল হয়েছে। কীভাবে মারা গেল আল্লাহ ভাল জানেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান নয়ন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এটি শ্বাসরোধজনিত মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা