মনোয়ার হোসেন সোহেল ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বর্ষা মৌসুমে জমে থাকা পানি ও মশার প্রজনন বৃদ্ধির কারণে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিভিন্ন এলাকায় ডেঙ্গু সংক্রমণ ছড়িয়ে পড়ছে। জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা ও দুর্বলতাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে প্রতিদিনই অনেক রোগী ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত কয়েক দিনে ডেঙ্গু পরীক্ষার পাশাপাশি আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা জোরদার করা হয়েছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় বহির্বিভাগ ও জরুরি বিভাগে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ব্যস্ততা বেড়েছে। প্রয়োজন অনুযায়ী রোগীদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে এ রোগে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৪ জন ।
চিকিৎসকরা জানান, জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাশাপাশি নিজ উদ্যোগে ব্যথানাশক ওষুধ সেবন না করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানো জরুরি। ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, মশারি ব্যবহার এবং মশার প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানিয়েছেন তারা।
এদিকে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি মোকাবিলায় সচেতনতামূলক কার্যক্রম জোরদারের পাশাপাশি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
