শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

রিয়াজ উদ্দিন, কক্সবাজার: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তার বাম পায়ের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ৪৬-৪৭ নম্বর সীমান্ত পিলারের শূন্যরেখা থেকে প্রায় ৫০০ মিটার ভেতরে মিয়ানমারের গরবিটা এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এলাকাটি বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন আউং থা পায়া পোস্টের দায়িত্বাধীন বলে জানা গেছে।
আহত যুবকের নাম আব্দুল করিম (২৫)। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি এলাকার ৭ নম্বর ওয়ার্ডের মকতুল হোসেনের ছেলে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আব্দুল করিম আরও তিনজনের সঙ্গে প্রায়ই মিয়ানমারের অভ্যন্তরে যাতায়াত করতেন। মঙ্গলবারও তারা সীমান্ত অতিক্রম করার পর হঠাৎ একটি স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। এতে আব্দুল করিম গুরুতর আহত হন। বিস্ফোরণের পর তার সঙ্গে থাকা অন্য তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় আব্দুল করিমকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
নাইক্ষ্যংছড়ির আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা মো. কামাল মিয়া জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং আহত যুবককে দ্রুত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় রেখে নজরদারি অব্যাহত রয়েছে।
এদিকে, ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবিরও নিশ্চিত করেছেন যে, বিস্ফোরণের ঘটনাটি সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা