ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে পৃথক দুই অভিযানে আসামিবিহীন ৫ কেজি গাঁজা উদ্ধার এবং মিয়ানমারে পাচারের সময় এক এফডিএমএন সদস্যকে আটকসহ ৫ বস্তা বাংলাদেশি সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) সী-বীচ বিওপি ২ আগস্ট দিবাগত রাতে হাবিবছড়াঘাট এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ওই প্যাকেট থেকে বিশেষ কৌশলে লুকানো ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১৭ হাজার ৫০০ টাকা।
অপরদিকে, ৩ আগস্ট ভোরে দমদমিয়া বিওপির জাদিমুড়া পোস্টসংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে বাংলাদেশ থেকে মিয়ানমারে পাচারের সময় একটি কাঠের নৌকাসহ এক এফডিএমএন সদস্যকে আটক করা হয়। নৌকাটি তল্লাশি করে ৫ বস্তা বাংলাদেশি সার জব্দ করে বিজিবি। জব্দকৃত সারের আনুমানিক মূল্য ৫ হাজার ৫০০ টাকা।
আটক ব্যক্তি মো. শোয়াইব (২০), জাদিমুড়া এফডিএমএন ক্যাম্প-২৭-এর বাসিন্দা।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি, টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত গাঁজা ও জব্দকৃত সার জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
