মোঃ মনজুর মোল্লা, ঢাকা: রাজধানীর মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৮৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত পরোয়ানা আসামি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা রয়েছেন।
সোমবার (১০ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (৯ আগস্ট) মতিঝিল বিভাগের অধীনস্থ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনভর ধারাবাহিক ও নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
বিভাগীয় পুলিশ সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। এছাড়া পল্টন থানা ১৫ জন, সবুজবাগ থানা ১৩ জন, খিলগাঁও থানা ১২ জন, মুগদা থানা ১১ জন, মতিঝিল থানা ৭ জন এবং রামপুরা থানা পুলিশ ৬ জনকে গ্রেফতার করে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং এলাকাকে অপরাধমুক্ত করার লক্ষ্যেই এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃতদের ইতোমধ্যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঢাকা শহরজুড়ে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
৮২
