শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে বিআইডব্লিউটিসিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে বিআইডব্লিউটিসিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনে (বিআইডব্লিউটিসি) “রক্তঝরা জুলাই জাগরণ” শীর্ষক আলোচনা সভা এবং জুলাই-আগস্ট ২০২৪-এর গণ-অভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের স্মরণে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিসি-র চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ধর্ম বিষয়ক সহ-সম্পাদক জনাব এটিএম আব্দুল বারী ড্যানী। আলোচনা সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সম্পাদক জনাব নুরুল ইসলাম খান নাসিম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সহ-সভাপতি জনাব মেহেদী আলী খান।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব শামসুজ্জামান দুদু জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র রক্ষা করার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে জনাব এটিএম আব্দুল বারী ড্যানী বিআইডব্লিউটিসি সহ দেশের সর্বস্তরে ন্যায্যতা ও সুষ্ঠু প্রশাসনিক পরিবেশ বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসি জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি জনাব মো: আনোয়ার হোসাইন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির মুস্তাফিজুল করিম মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম, বিআইডব্লিউটিসি সিবিএ সাধারণ সম্পাদক মো: আলাউদ্দীন এবং বিআইডব্লিউটিসি কর্মকর্তা-কর্মচারী ইউনিয়নের সভাপতি জনাব নিয়াজ আহমেদ সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ।
আলোচনা সভা শেষে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা