মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও চারজন আহত হয়েছেন।
সোমবার ১৭ আগস্ট দুপুরে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাপুর বাইপাস এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার চরমারিয়া এলাকার কাজল মিয়ার স্ত্রী জোসনা ও তার শিশুপুত্র আইফান, তাড়াইল উপজেলার হাবিব মিয়ার স্ত্রী রাবিয়া এবং অটোরিকশার চালক করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর এলাকার নজরুল মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশাটি পাকুন্দিয়ার মির্জাপুর বাইপাস এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ময়লার গাড়িতে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা চার যাত্রী ও চালক গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর এ আলম খান বলেন, হাসপাতালে নেয়ার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে রেফার করা হয়েছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. আরিফুর রহমান বলেন, “মির্জাপুর বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
