মেহেদী হাসান সিরাজী,মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে প্রায় ১৫ ঘণ্টার ব্যবধানে পৃথক ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। তাঁদের দুজনই বিষপান করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। একজনের মৃত্যু হয়েছে হাসপাতালে নেওয়ার পথে এবং অপরজনের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়। পৃথক দুটি ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর উদ্যোগ নিয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের হাট খালিশপুর গ্রামের মো. তোতা মণ্ডলের মেয়ে মিথিলা খাতুন (১৮) নিজ বাড়িতে বিষপান করেন। এ সময় তিনি ছটফট করতে থাকলে তাঁর মা কল্পনা খাতুনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তাঁকে দ্রুত মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। যশোর সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বেলা আনুমানিক ২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা মো. তোতা মণ্ডল মহেশপুর থানার অফিসার ইনচার্জ বরাবর একটি অপমৃত্যুর সংবাদ প্রেরণ করেছেন। লিখিত আবেদনে তিনি মেয়ের মৃত্যুর ঘটনায় পরিবারের কারও কোনো সন্দেহ নেই বলে উল্লেখ করেছেন। এদিকে উপজেলার ডাকাতিয়া গ্রামে আতেফা খাতুন(৪৫)স্বামী ইমান আলীর স্ত্রী শনিবার দিবাগত রাতে বিশপান করে আত্মহত্যা করেছে। তার নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে।
তার স্বামী জানিয়েছে তাকে অন্য মেয়ের সাথে পরকিয়া আছে এমন সন্দেহ করতো তার স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। আতেফা খাতুনের বাবার বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায়।ইমান আলী পেশায় একজন রাজ মিস্ত্রি। মহেশপুর থানার ওসি ইমরান আলম জানায় এবিষয়ে আইনী প্রক্রিয়া চলমান।পোষ্টমোটাম রিপোর্ট পাওয়ার পর প্রক্রিত কারণ জানা যাবে।
