এম,এইচ,শাহজাহান আকন্দ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে হাওর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় তৃতীয় ও শেষ ধাপে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে সুরমা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ সহায়তা বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লুৎফুর রহমান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শওকত আলী।
সহায়তা বিতরণকালে ইউএনও অরূপ রতন সিংহ বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক ও হাওর মানবিক সহায়তা কার্ডধারীদের তালিকা যাচাই-বাছাই করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। প্রথম ও দ্বিতীয় দফার পর তৃতীয় দফায়ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহায়তা বিতরণ করা হয়েছে।
সরকারি কর্মসূচির আওতায় তৃতীয় দফায় প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ৩ হাজার টাকা ও ১৫ কেজি করে চাল দেওয়া হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পুরো উপজেলায় মোট ১ হাজার ৪০ জন কৃষককে এ মানবিক সহায়তার আওতায় আনা হয়েছে।
এদিকে সুরমা ইউনিয়নে মোট ১৪৩ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে তৃতীয় ও শেষ ধাপের মানবিক সহায়তা বিতরণ সম্পন্ন হয়েছে। দুর্যোগের সময়ে সরকারি সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
