মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যার দ্রুত তদন্ত, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২০ আগস্ট সকাল ১১টার দিকে উপজেলা বিএনপির উদ্যোগে মিঠামইন সদর কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীসহ কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন।
পরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মিঠামইন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ মিয়া, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন রুবেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামাল পাশা, নিহতের চাচা আইনজীবী ফরিদ আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাহার মিয়া এবং নিহতের ছোট ভাই ও কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির বৈদেশিক ও প্রবাসী কল্যাণ সম্পাদক আলমগীর শিকদারসহ স্থানীয় নেতারা।
সমাবেশ থেকে জাহাঙ্গীর হত্যা মামলার বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান বক্তারা।
ঘটনার বিষয়ে মিঠামইন থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মনোয়ার মোহাম্মদ জানান, গত ১৫ জুলাই রাতে নিজ বাসভবনের সামনে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত হন জাহিদুল আলম জাহাঙ্গীর। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় ১৮ জুলাই নিহতের স্ত্রী তাসলিমা আক্তার বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করেন। এ পর্যন্ত এজাহারভুক্ত তিন আসামিসহ মোট নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
