শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ছড়ায় শ্যালো মেশিন, বালু উত্তোলনে ‘বিরতি’—মহেশখালীতে যুবদল নেতা মিজানকে জরিমানা

ছড়ায় শ্যালো মেশিন, বালু উত্তোলনে ‘বিরতি’—মহেশখালীতে যুবদল নেতা মিজানকে জরিমানা

রিয়াজ উদ্দিন, কক্সবাজার জেলা প্রতিনিধি : ছড়া থেকে বালু তোলার কাজে বসানো হয়েছিল শ্যালো মেশিন। খবর পেয়ে সেখানে হাজির উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শেষ পর্যন্ত অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গুনতে হলো ৩০ হাজার টাকা জরিমানা।

ঘটনাটি ঘটেছে কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের আঁধারঘোনা এলাকায়। বৃহস্পতিবার (২০ আগস্ট) আল-আমিন স্কুল সংলগ্ন ছড়ায় এ অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মিজানুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি স্থানীয় মৃত উনদালির ছেলে এবং স্থানীয়ভাবে যুবদল নেতা হিসেবে পরিচিত।

অভিযানে কালারমারছড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ, মহেশখালী থানা পুলিশ ও আনসার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।

প্রশাসনের কর্মকর্তারা বলছেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ছড়ার স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশ ও জনস্বার্থ হুমকির মুখে পড়ে। তাই এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ বলেন, “পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিমও অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত রাখার কথা জানিয়েছেন।

প্রশাসনের এই অভিযানে আপাতত থেমেছে ছড়ার বালু তোলার কাজ। তবে স্থানীয়দের প্রত্যাশা—জরিমানার পাশাপাশি অবৈধ বালু উত্তোলন পুরোপুরি বন্ধে নিয়মিত নজরদারি থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা