শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: সারাদেশের হরিজন সম্প্রদায়ের ৮ টা দল নিয়ে নীলফামারীর সৈয়দপুরে আয়োজিত ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) শহরের রাসূলপুর এলাকার রেলওয়ে ফিদা আলী মিলনায়তন সংলগ্ন মাঠে এই আয়োজন করা হয়।
সৈয়দপুরের রাসুলপুর একতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহণ করে আয়োজক দলসহ বগুড়া, ঠাকুরগাঁওয়ের সিতাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, গাজীপুর, যশোরের দর্শনা ও দিনাজপুরের ভবানীপুর হরিজন পল্লীর দল। ফাইনালে অংশ নেয় গাজীপুর ও
জয়পুরহাট দল।
ফাইনাল খেলা উপলক্ষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সৈয়দপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহীন আকতার শাহীন। বিশেষ অতিথি ছিলেন পৌর ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র জিয়াউল হক জিয়া, ১৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির কোষাধ্যক্ষ আবিদ হোসেন লাড্ডান।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ারুল ইসলাম মানিক, সাবেক ফুটবল খেলোয়াড় পৌর কনজারভেন্সি পরিদর্শক মো. মজিদ, জেলা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক রোজিনা বেগম, সৈয়দপুর শহরের সুনামধন্য খাবারের প্রতিষ্ঠান তাজির উদ্দিন গ্রান্ট হোটেলের মালিক আতিয়ার রহমান ও সাংবাদিক মো. জাকির হোসেন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল খিয়াপাড়া আলিম মাদরাসার ক্রীড়া ও শরীরচর্চা শিক্ষক শরীফুল ইসলাম। সার্বিক তত্বাবধানে ছিলেন আয়োজক দল একতা স্পোর্টিং ক্লাবের সভাপতি শ্রী রুবেল বাঁশফোর ও সাধারণ সম্পাদক উজ্জ্বল বাঁশফোর।
সন্ধা পর্যন্ত চলে ফাইনাল খেলা। এতে ৪ গোল দিয়ে চ্যাম্পিয়ন হয় গাজীপুর দল আর রানার্সআপ জয়পুরহাট দেয় ২ গোল। আলোচনা সভা শেষে অতিথিরা বিজয়ী ও বিজিত দলের হাতে পুরষ্কার তুলে দেয়। এছাড়াও পুরো টুর্নামেন্টের কৃতিত্বপূর্ণ খেলোয়াড়দেরও বিভিন্ন ক্যাটাগরির পুরষ্কার দেওয়া হয়।
