বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে গর্ত-খানাখন্দে মরণফাঁদ, ঘটছে দুর্ঘটনা

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে গর্ত-খানাখন্দে মরণফাঁদ, ঘটছে দুর্ঘটনা

মনোয়ার হোসেন সোহেল ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধিঃ উত্তরবঙ্গের প্রবেশদ্বারখ্যাত ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক। সড়কটির এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত ঢাকাগামী লেনের জায়গায় জায়গায় পিচ উঠে গিয়ে ১৪ কিলোমিটারজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দের। এতে করে প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, ঝড়ছে প্রাণ, বিকল হচ্ছে যানবাহন। সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হচ্ছে মোটরসাইকেল চালকরা।

প্রতিদিন ১৮ থেকে ২২ হাজার যানবাহন সেতু পারাপার হয়। সাসেক-২ প্রকল্পের আওতায় মহাসড়কটির এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত চার লেনে উন্নীতকরণের কাজ চলমান রয়েছে।
প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে ২০২২ সালের মার্চে শুরু হওয়া সেই কাজ চলছে অনেকটা ধীর গতিতে।

উত্তরাঞ্চলগামী লেনের কাজ শেষের দিকে হলেও ঢাকাগামী লেনটি পড়ে আছে চরম অযত্ন আর অবহেলায়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কজুড়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত ও খানাখন্দের। বৃষ্টির পানিতে গর্তগুলো আরও ভয়াবহ হয়ে উঠে। ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, ঘটছে হতাহতের ঘটনাও, বিকল হচ্ছে যানবাহন।

গর্তে পড়ে সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হচ্ছে মোটরসাইকেল চালকরা। রাতের বেলায় আতঙ্ক বেড়ে যায় আরও কয়েকগুণ। ফলে এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত ১৪ কিলোমিটার সড়ককে দেখা হচ্ছে মরণফাঁদ হিসেবে। দ্রুত সড়কটি সংস্কারের দাবি রাস্তায় চলাচলরত গাড়ীর চালক ও যাত্রীদের।

যমুনা সেতু সাইট অফিস, টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, অতি বৃষ্টির কারণে মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত খানাখন্দ ও গর্ত হয়েছে । দ্রুত মেরামতের কাজ চলছে ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা