তমাল কান্তি সরকার, ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখল, ভয়ভীতি ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. তোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তি ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত একটি অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কাশর গ্রামের ২৩ নম্বর খতিয়ানের প্রায় ১১৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযোগকারী দাবি করেন, তার পিতা ও চাচার কাছ থেকে দলিলমূলে ক্রয় করা এবং আদালতের রায় ও অন্যান্য কাগজপত্রের ভিত্তিতে তারা ওই জমির মালিকানা ভোগ করে আসছেন।
অভিযোগে আরও বলা হয়, গত ২৬ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে অভিযোগকারী জমি তদারকি করতে গেলে কয়েকজন ব্যক্তি সেখানে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন। তারা জমি দখল করার হুমকি দেওয়ার পাশাপাশি এ বিষয়ে বাড়াবাড়ি করলে মিথ্যা মামলা-মোকদ্দমাসহ শারীরিকভাবে ক্ষতি করার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারী আশঙ্কা করছেন, যেকোনো সময় প্রতিপক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা করতে পারে এবং এতে আইনশৃঙ্খলার অবনতি ও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও সমাধান না হওয়ায় তিনি থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগকারী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।
তবে অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা জানা যাবে।
