মোঃ মোজাফফার আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধি : আজ ২৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, বেলা ১১:০০টা থেকে ১২:২০ ঘটিকা পর্যন্ত বিলাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন-এর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি মোঃ আঃ সালাম ফকির ও সাধারণ সম্পাদক ও উপজেলা কেন্দ্রীয় মসজিদের সভাপতি মোঃ জাফর আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জবা রানি বড়ুয়া, বিলাইছড়ি থানার প্রতিনিধি এসআই সিরাজুল ইসলাম এবং উপজেলা যুবদলের সভাপতি ও উপজেলা কেন্দ্রীয় মসজিদের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রনি। এছাড়াও বিলাইছড়ির বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী, মসজিদের ইমাম ও খতিব এবং স্থানীয় মুসল্লি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, কর্ম ও মহান আদর্শের বিভিন্ন দিক আলোকপাত করেন। তাঁর সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, মানবিকতা ও ক্ষমাশীলতা অনুসরণ করে ব্যক্তিগত ও সামাজিক জীবনে শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। পরিশেষে, পবিত্র কুরআন ও সুন্নাহর নির্দেশনায় জীবন পরিচালনার আহ্বান জানানোর পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
