মোঃ উজ্জল মিয়া, শ্রীপুর গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে সুতিয়া নদীতে গোসল ও সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বাপ্তা-বেলদিয়া এলাকায় দুই স্কুল ছাত্রের এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত দুই শিক্ষার্থী হলো—বেলদিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাব্বি আলম (১২) এবং একই এলাকার রুহুল আমিনের ছেলে মুত্তাসিম হোসেন (১২)। তারা স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে রাব্বি ও মুত্তাসিমসহ কয়েকজন শিশু সুতিয়া নদীতে গোসল ও সাঁতার কাটতে নামে। একপর্যায়ে রাব্বি ও মুত্তাসিম পানিতে তলিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা নদীতে উদ্ধার অভিযান শুরু করেন।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
একই এলাকার একই শ্রেণির দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
